নারায়ণগঞ্জের বন্দরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার কুটিরবন ঘাট এলাকায় এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
মূলত ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র (ইজিপিপি) আওতায় এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। নাসিক ২৬ নং ওয়ার্ডের অন্তর্গত কুড়িপাড়া, নোয়াদ্দা ও ত্রিবেণী খাল খনন ও পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর কাজের সুযোগ সৃষ্টি হবে।
বেলা ১১:৩০ মিনিটে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক কাজের কারিগরি ও প্রশাসনিক দিকগুলো তদারকি করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্যের একান্ত সচিব আবুল কাওসার আশা, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এবং ৭ ও ৮ নং ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উন্নয়নমূলক এই কাজে স্থানীয় কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নাসিক ২০, ২১ ও ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে শাহেন শাহ্, মোঃ হান্নান সরকার এবং মোঃ সুলতান আহম্মেদ মোল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয়দের আশা, এই খালগুলো পূর্ণ খননের ফলে এলাকায় কৃষিকাজ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
























