নারায়ণগঞ্জের বন্দরে এক অটোরিকশা চালককে কুপিয়ে জখম করে তার অটোরিকশাটি ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার (৭ মে) দিবাগত মধ্যরাতে বন্দর থানার মদনপুর-মদনগঞ্জ সড়কের আমিরাবাদ এলাকায় এই দুর্ধর্ষ ঘটনা ঘটে।
আহত চালকের নাম স্বপন মিয়া (৪২)। তিনি বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী স্বপন মিয়া জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি দাশসরগাঁ থেকে অটোরিকশা নিয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আমিরাবাদ এলাকায় পৌঁছালে একটি সিএনজি ও একটি অটোরিকশায় আসা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত তার পথরোধ করে।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র উঁচিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করলে স্বপন বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা চাকু ও চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত স্বপন মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এই ঘটনায় ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফউদ্দিন জানান, অটোরিকশাটির মালিক সবুজ মিয়া শুক্রবার বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরও জানান, পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।



















