অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বৃষ্টি খাতুন (১৯) নামে যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। এ ঘটনায় মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেছে কারা কতৃপক্ষ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যশোরের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।
যশোর কারাগার সূত্রে জানা গেছে, বৃষ্টি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে অ্যাম্বুলেন্স যোগে নেওয়া হচ্ছিল। রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সটি যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র আকার ধারণ করে। পরে অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শকের দিকনির্দেশনা মোতাবেক এই ব্যবস্থা গ্রহণ করি। মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।























