বিখ্যাত আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক সিডনি বার্নিস সুইনি বর্তমান সময়ের হলিউডের অন্যতম সফল এবং আলোচিত তারকা। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারে নগ্ন অবস্থায় দেখা গেছে এ অভিনেত্রীকে। বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর কেউ কেউ অভিযোগ করেছেন— এতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সম্প্রতি নতুন এ বিজ্ঞাপন ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে বিতর্ক। এবার সেই সমালোচনার সরাসরি জবাব না দিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় কিছু ছবি পোস্ট করেছেন সিডনি সুইনি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অভিনেত্রীকে নগ্ন অবস্থায় দেখা গেছে। শরীরের বিভিন্ন অংশ ঢাকতে ব্যবহার করা হয়েছে বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সি। বিজ্ঞাপনের ধারণাটি ছিল— খেলাধুলার নানা উপকরণকে সৃজনশীলভাবে ব্যবহার করে নজর কাড়া। কিন্তু বিজ্ঞপনটি প্রকাশের পর অনেক দর্শক প্রশ্ন তুলেছেন— এতে আসলে কী প্রচার করা হচ্ছে? নোভিগ একটি স্পোর্টস প্রেডিকশন মার্কেট ও ট্রেডিং প্ল্যাটফর্ম। খেলাধুলার বিভিন্ন ঘটনা নিয়ে ব্যবহারকারীরা এখানে ভবিষ্যদ্বাণী করতে পারেন। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি এর ইকুইটি পার্টনারও হয়েছেন সিডনি সুইনি।
এদিকে অলিম্পিক ক্রীড়াবিদরাও এ বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, এ বিজ্ঞাপন প্রচারে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতাকে আরও উসকে দেওয়া হয়েছে। অস্ট্রেলীয় সাঁতারু অবসরপ্রাপ্ত অ্যারিয়ার্ন টিটমাস সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ প্রকাশ করেন। চারবারের অলিম্পিক সোনাজয়ী এ সাঁতারু লিখেছেন— বিজ্ঞাপনটি দেখে তিনি কতটা ক্ষুব্ধ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
এমন বিজ্ঞাপন প্রচার প্রতিটি নারী ক্রীড়াবিদের প্রতি অপমানের শামিল। যেসব নারী বছরের পর বছর নিজেদের দক্ষতা শাণিত করেছেন, তাদের পাশাপাশি খেলাধুলাকে ভালোবাসেন এমন প্রতিটি নারীর প্রতিও এটি অসম্মান বলে জানিয়েছে টিটমাস।
খেলাধুলা যেখানে দলগত কাজ, বন্ধুত্ব, নিষ্ঠা, উৎকর্ষ ও ঐক্যের প্রতীক, সেখানে নারীর শরীরকে পণ্য বানিয়ে অর্থ উপার্জনের প্রবণতা এখনো কেন টিকে আছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
এ বিজ্ঞাপনটির বিরুদ্ধে আরও ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াটার পোলোতে অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপনটি আমি একেবারেই ঘৃণা করি।’
এদিকে বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা শুরু হওয়ার আগেই নোভিগের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে নিজের অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করেছিলেন সিডনি সুইনি। তিনি বলেন, বিজ্ঞাপনটি প্রচারের মূল উদ্দেশ্য ছিল— একটি মজার ধারণাকে সামনে আনা এবং খেলাধুলাকে কেন্দ্রীয় বিষয় হিসেবে রাখা।
অভিনেত্রী বলেন, ‘ক্যাম্পেইনটি ছিল একটি মজার ধারণাকে গ্রহণ করার বিষয়ে। প্রচারের পরিকল্পনা এমনভাবে করা হয়েছিল, যাতে নানা কোলাহলের মধ্যেও খেলাধুলার বিষয়টি আলাদা করে নজরে আসে।’
অন্যদিকে নোভিগের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কিও সিডনি সুইনির সঙ্গে অংশীদারত্ব নিয়ে কথা বলেছেন। এফওএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিনেত্রী নিজের ব্যক্তিজীবন নিয়ে মানুষের নানা অনুমান ও ভবিষ্যদ্বাণীতে অস্বস্তি বোধ করতেন। খেলাধুলাকে কেন্দ্র করে কাজ করার সুযোগই নোভিগের সঙ্গে অংশীদারত্বে তাকে আকৃষ্ট করেছিল বলে জানান তিনি।
কমপ্লেক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, এ বিজ্ঞাপনের সৃজনশীল প্রক্রিয়ায় তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন। প্রকল্পটির একেবারে গোড়া থেকেই তিনি এর সঙ্গে ছিলেন।


























