রূপালী পর্দার বাইরেও তারকাদের যে একটা নিজস্ব জগৎ রয়েছে এবং বয়স কিংবা শারীরিক পরিবর্তন নিয়ে কাউকে অপমান করা যে কোনো সুস্থ মানসিকতা হতে পারে না, চড়া গলায় সেই সত্যটিই আবার মনে করিয়ে দিলেন বলিউড ভাইজান সালমান খান।
সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে অনলাইন ট্রলিং, বডি শেমিং এবং প্যাপারাজ্জিদের অপেশাদার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন এই সুপারস্টার। শুধু মুখেই ক্ষোভ প্রকাশ করেননি, বরং লাইভ মঞ্চেই খুলে ফেলেন নিজের টুপি, জ্যাকেট এবং মুছে ফেলেন মেকআপ; খোলামেলা চ্যালেঞ্জ ছুড়ে দেন সাইবার বুলিদের দিকে।
বিগ বসের মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে আলোচনা করার সময় সামাজিক মাধ্যমের কুরুচিকর আক্রমণ নিয়ে কথা বলেন সালমান। এ সময় তিনি ভীষণ চটে যান। জানান, বয়স বৃদ্ধি, ওজন বেড়ে যাওয়া কিংবা চেহারার পরিবর্তন নিয়ে প্রতিনিয়ত তাকেও কটূক্তির শিকার হতে হয়। তবে এই ট্রলিং শুধু তার একার জীবনেই সীমিত নয়। সাম্প্রতিক সময়ে ক্যাটরিনা কাইফের মাতৃত্বজনিত কারণে চেহারায় বদল আসা নিয়ে নানা কটাক্ষকে কেন্দ্র করেও এই বক্তব্য দেন তিনি।
তীব্র ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, ‘তোমরা ট্রল করতে চাও কেন? মানুষকে হেয় করার এই মানসিকতা কেন আসে?’ কথাগুলো বলতে বলতেই ক্ষোভে ফেটে পড়েন ৬০ বছর বয়সী এই তারকা।
নিজের ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা টেনে সালমান বলেন, “আমার সঙ্গেও এমনটা হয়েছে। সবসময় বলা হয়—‘ভাই তো মোটা হয়ে গেছে!’ এই নাও, এবার ট্রল করো!” এই বলেই নিজের টুপি ও জ্যাকেট খুলে ফেলেন তিনি। সেখানে না থেমে নিজের শার্টটি খুলে বর্তমান ফিটনেস ও সুগঠিত শরীর দেখিয়ে মেজাজ হারিয়ে চ্যালেঞ্জের সুরে বলেন, ‘করো এবার ট্রলিং! আগে নিজেদের চেহারা আয়নায় দেখো, তারপর অন্যকে নিয়ে মন্তব্য করতে এসো। অনর্থক মন্তব্য না করে আগে নিজের ও নিজেদের বাবা-মায়ের শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখো।’
সালমান আফসোস প্রকাশ করে বলেন, ‘বর্তমানে সিনেমার অভিনয় বা শিল্পচর্চা নিয়ে সমালোচনার চেয়ে মানুষের শরীর ও চেহারা নিয়ে ব্যক্তিগত আক্রমণটাই যেন মুখ্য হয়ে উঠেছে।’
সমালোচকদের উদ্দেশ্যে সালমান খানের এমন বিস্ফোরক ও সাহসী প্রতিবাদ দেখে বিগ বসের পুরো মঞ্চ করতালি আর চিৎকারে মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগীরা তার এই স্পর্ধিত রূপ ও ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ হন এবং একযোগে সালমানের প্রতি তাদের গভীর ভালোবাসা ও সমর্থন ব্যক্ত করেন।





















