টম হল্যান্ডের বিপরীতে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফিরছেন সাবরিনা কার্পেন্টার
হলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি বায়োপিক। নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করছেন টম হল্যান্ড।
আর এতে ফ্রেড অ্যাস্টেয়ারের বিখ্যাত নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের ভূমিকায় দেখা যাবে পপ তারকা ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টারকে।চলচ্চিত্রটিতে আরো যুক্ত হয়েছেন মার্গারেট কোয়ালি, যিনি অভিনয় করবেন ফ্রেডের বোন এবং তার প্রথম নৃত্যসঙ্গী অ্যাডেল অ্যাস্টারের চরিত্রে। ১৯৩৩ থেকে ১৯৩৯ সালের মধ্যে ফ্রেড অ্যাস্টেয়ার ও জিঞ্জার রজার্স জুটি বেঁধে নয়টি চলচ্চিত্রে কাজ করেছিলেন। নতুন এই সিনেমার মাধ্যমে সাবরিনা আবার বড় পর্দায় অভিনয়ের জগতে ফিরছেন।
অন্যদিকে ক্যারিয়ারের শুরুতে লন্ডনের ওয়েস্ট অ্যান্ডে ‘বিলি এলিয়ট’ নাটকে নাচের মাধ্যমে পরিচিতি পাওয়া টম হল্যান্ডও এই ছবির হাত ধরে আবার নাচে ফিরছেন।প্যাডিংটন ও ওনকা খ্যাত নির্মাতা পল কিং চলচ্চিত্রটি পরিচালনা করবেন। এটি প্রযোজনা করছেন অ্যামি প্যাসকেল ও র্যাচেল ও’কনর। ক্যাথলিন রাইলির লেখা ‘দ্য অ্যাস্টেয়ার্স : ফ্রেড অ্যান্ড অ্যাডেল’ বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পটিকে স্বাগত জানিয়েছেন ফ্রেড অ্যাস্টেয়ারের মেয়ে আভা অ্যাস্টায়ার ম্যাকেনজি।