বলিউড অভিনেতা আলি ফজল বিশ্বসাহিত্যের আলোচিত উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এবার তিনি আন্তর্জাতিক পর্দায় হাজির হয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। ইএম ফস্টারের বিখ্যাত উপন্যাস ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিতব্য নতুন এ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।
বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) জন্য নির্মিত পাঁচ পর্বের এ সিরিজে অভিনয় করছেন তিনি। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ করতে যাচ্ছে নতুনমাত্রা।
‘মির্জাপুর’ সিরিজের মাধ্যমে উপমহাদেশের দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি পান আলি ফজল। এবার ইএম ফস্টারের কালজয়ী উপন্যাসের পর্দার রূপান্তরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিনোদন জগতে নিজের অবস্থান আরও পরিসর করার সুযোগ পাচ্ছেন এ অভিনেতা।
সিরিজটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করছেন এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতা। ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং অনুষ্ঠিত হবে। এছাড়া ভারতীয় ও আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের সমন্বয়ে সাজানো হচ্ছে এ সিরিজরের কলাকুশলী। এতে ডক্টর আজিজের চরিত্রে দেখা যাবে আলি ফজলকে।
১৯২০ সালের দশকের ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন ভারতীয় চিকিৎসক। সাংস্কৃতিক ব্যবধান পেরিয়ে মানুষের মধ্যে বন্ধুত্ব ও আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।
তবে একটি বিতর্কিত ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই ঘটনা কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই। আর এর মধ্য দিয়ে প্রকাশ পেতে থাকে ঔপনিবেশিক সমাজের জাতিগত বিদ্বেষ, ক্ষমতার প্রভাব ও বৈষম্যের নানা দিক।
ধীরে ধীরে এই সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ে একাধিক মানুষের জীবন। আলি ফজলের ক্যারিয়ারে আন্তর্জাতিক প্রযোজনায় কাজ করার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে জানান এ অভিনেতা।


























