সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে মাকে হারিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির করিমূল হক। সেই শোক থেকেই মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। নিজের মোটরসাইকেলকেই বানিয়ে ফেলেন অ্যাম্বুলেন্স। জেলার প্রত্যন্ত এলাকায় অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন বিনামূল্যে। এই মানবিক উদ্যোগের জন্য করিমূলকে পদ্মশ্রী সম্মানও দেয় ভারত সরকার। মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে। এবার সেই বাস্তব জীবনের সংগ্রামের গল্পই বড় পর্দায় নিয়ে আসছেন টলিউড তারকা দেব।
বিনয় মুদগিল পরিচালিত এ সিনেমার প্রযোজনা করছেন দেব এর এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও নন্দী মুভিজ। সিনেমার মুখ্য চরিত্রেও তিনি। এতে দেবের সঙ্গে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র।
চলতি বছরের শুরুতে দেব তার নতুন সিনেমার তালিকায় ‘দেশু ৭’, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ও ‘টনিক ২’-এর নাম জানিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র। তবে একই সময়ে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাওয়ায় নিজের ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন দেব। পরে জানান, এ কারণে চলতি বছর আর ‘টনিক ২’ মুক্তি দেওয়া সম্ভব হবে না।এবার অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন মুক্তির তারিখ জানিয়েছেন দেব নিজেই। গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছবির নতুন পোস্টার প্রকাশ করেন অভিনেতা। সেখানে মোটরসাইকেলে করে এক মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে দেখা যাওয়ার দৃশ্য মেলে। বাইকে রয়েছেন এক মা ও তার ছোট্ট শিশুও।
সেই পোস্টারের ক্যাপশনে দেব লিখেছেন, ‘দুচাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’ সে পোস্টারেই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে, ২৪ ডিসেম্বর।তবে এই তারিখ ঘিরে থাকছে আরেকটি আলোচনাও। একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। ফলে বড় পর্দায় একই দিনে মুখোমুখি হচ্ছে দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ও শাহরুখের ‘কিং’।

























