নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে প্রবাসী মাসুম মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত শাকিল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত মাসুম মিয়া ও রূপগঞ্জের ভোলাবো এলাকার রাজু একসাথে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে থাকাকালীন তাদের মধ্যে অর্থ লেনদেন নিয়ে বিরোধ তৈরি হয়। সম্প্রতি দুজনই দেশে ফিরে এলে ওই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে নতুন করে বাগ্বিতণ্ডা শুরু হয়।
গত ৩০ মার্চ সন্ধ্যায় মাসুম মিয়া মোটরসাইকেলে করে পাঁচদোনা থেকে নিজের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টাওরা মধ্যপাড়া সড়কে রাজু, গ্রেপ্তারকৃত শাকিল ও তাদের সহযোগীরা মাসুমের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনাটি গণমাধ্যমে আসার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপ্রিল ১৮:২৫ ঘটিকায় র্যাব-১১ এবং র্যাব-১-এর একটি যৌথ দল ঢাকার উত্তরা-উত্তর মেট্রো রেল স্টেশন সংলগ্ন ফুড কোর্টের সামনে অভিযান চালায়। সেখান থেকেই মামলার অন্যতম সন্দেহভাজন আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল মিয়া রূপগঞ্জের ভোলাবো এলাকার মোস্তফার ছেলে। র্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।



























