নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলের কর্মীরা। পরে তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলের কর্মীরা। পরে তারা এগিয়ে গিয়ে বগির ভেতরে আগুন জ্বলতে দেখেন। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিও ঠিক ছিল।
জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া ১টার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
একই সময়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে পৌরসভা কার্যালয়সংলগ্ন সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি লতিফুর রহমান এবং তার ভাই উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে লতিফুর রহমান ও তার ভাই সুলতান আহমেদের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে সুলতান আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডিতে আসবাবপত্রসহ ভাঙচুরের ছবি দিয়ে লেখেন, ‘সারা জীবন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। অথচ শুধু আওয়ামী লীগ করার কারণে আমার বাসায় তিনবার হামলা ও লুটপাট করা হয়েছে। এবার ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ কিছুই অবশিষ্ট রাখেনি। এ ধরনের সন্ত্রাস, লুটপাট ও হানাহানি কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ লক্ষণ নয়। মনে রাখতে হবে, ক্ষমতা কারও চিরস্থায়ী নয়।’
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, কে বা কারা হামলা-ভাঙচুর করেছে, এ বিষয়গুলো আমাদের জানা নেই। তবে আমাদের দলের ও অঙ্গসহযোগী কোনো নেতা-কর্মী এ কাজ করেননি, এটা বলতে পারি।
এসব বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।
তিনি বলেন, রাতে অজ্ঞাত স্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মশাল মিছিল বের করে ফেসবুকে ভিডিও দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। কিছু চেয়ার-টেবিলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া গেটের বাইরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
























