কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় একটি রহস্যময় পার্সেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে দুইজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসির শেখকে একটি প্যাকেটে মোড়ানো পার্সেল দেন। তারা নিজেদের গাড়িচালক হিসেবে পরিচয় দিয়ে জানান যে, তারা পার্সেলটি লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে চান। বিনিময়ে তারা নাসিরকে ভাড়ার টাকাও প্রদান করেন।
নির্দেশনা অনুযায়ী নাসির পার্সেলটি নিয়ে হামিদুল ইসলামের বাড়িতে গেলে তিনি সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এরপর নাসির পার্সেলটি নিয়ে পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন। কিন্তু সেখানে এসে তিনি সেই অপরিচিত দুই ব্যক্তিকে আর খুঁজে পাননি।
অপরিচিত ব্যক্তিদের না পেয়ে নাসির স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে রহস্যময় সেই প্যাকেটটি খোলার চেষ্টা করেন। প্যাকেটের ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান তারা। সেই বাক্সটি খোলার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভ্যানচালক নাসির গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত নাসির শেখ লাহিনী বটতলা এলাকার কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, বিস্ফোরণের ফলে নাসিরের কোমরের নিচের অংশে আঘাত লেগেছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।



























