নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার আটি ওয়াপদা কলোনি এলাকা থেকে এই গুলিগুলো উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এই কার্তুজগুলো গত জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল।
র্যাব-১১-এর সিপিএসসি আভিযানিক দল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় নিয়মিত টহলে ছিল। রাত আনুমানিক ৯টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আটি ওয়াপদা কলোনি সংলগ্ন পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালে পাশে একটি লাল রঙের শপিং ব্যাগ পড়ে আছে।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় টহল টিম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হলে তার ভেতর থেকে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো প্রয়োজনীয় জব্দ তালিকা সম্পন্ন করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষায় এবং লুণ্ঠিত সরঞ্জাম উদ্ধারে তারা সর্বদা তৎপর রয়েছে।






















