কুমিল্লার তিতাসে এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার আড়াইরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বড় আকারের এই গাঁজার চালানটি ধরা পড়ে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন— নারায়ণগঞ্জের বন্দর থানার দেওলি চওড়াপাড়া এলাকার মোহাম্মদ রানা (৪২) এবং একই থানার দক্ষিণ লক্ষণ খোলা এলাকার মো. রাহাত (২৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে আসছিল। এই মাদকগুলো তারা অভিনব কৌশলে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করতো।
র্যাব জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের এই নিরলস অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা জেলার তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।






















