চ্যাম্পিয়ন্স লিগে আর এক ম্যাচ বাকি। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মিশন পিএসজির সামনে। আর ২০ বছর পর প্রথমবার ফাইনালে উঠে প্রথম ট্রফি ছুঁয়ে দেখতে চায় আর্সেনাল। এই ফাইনালের আগে স্বাভাবিকভাবে দুই দলের মধ্যে উত্তেজনা কাজ করছে। আর্সেনালের জন্য এই ম্যাচ প্রতিশোধের, আর ২০১৬ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পিএসজির।
এক বছর পরই দুই দল মুখোমুখি হচ্ছে। ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনালের ইউরোপিয়ান স্বপ্ন ভেঙে দিয়েছিল পিএসজি। লুইস এনরিকের দল গানারদের ৩-১ গোলের অগ্রগামিতায় ছিটকে দিয়েছিল। তারপর ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ফরাসিরা। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবার আর্সেনাল নামবে প্রতিশোধের আগুন জ্বালিয়ে।
শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল গত বছর পার্ক দে প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে। পিএসজি লন্ডনে প্রথম লেগ ১-০ গোলে জিতে এগিয়ে ছিল। তারপর প্যারিসে ২-১ গোলে জেতে তারা। স্কোরলাইন ম্যাচের আসল গল্প তুলে ধরেনি, আর্সেনাল ম্যাচ শুরু করেছিল চমৎকারভাবে।
শুরুর দিকেই ডেকলান রাইস গোল করার খুব কাছে ছিলেন। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্টিন ওডেগার্ডকে দারুণ সেভে রুখে দেন জিয়ানলুইজি দোনারুমা। আর্সেনালের আক্রমণাত্মক প্রেসিংয়ে পিএসজির ঘাম ছুটেছিল, কিন্তু ফরাসি দল ওই ঝড়েও টিকে যায়।
রান অব প্লের বিপরীতে পিএসজি ২৭তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায়। আর্সেনাল ফ্রি কিক ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি। রুইজ বক্সের বাইরে থেকে চমৎকার হাফ ভলিতে পিএসজিকে এগিয়ে নেন। দুই লেগের অগ্রগামিতায় ২-০ ব্যবধানে সুবিধাজনক অবস্থানে ছিল তারা।
দ্বিতীয়ার্ধে জমে ওঠে নাটক। মাইলস লুইস স্কেলির বিরুদ্ধে ভিএআর রিভিউয়ে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেন রেফারি। দাভিদ রায়া দারুণ সেভে ভিতিনহা পেনাল্টি রুখে আর্সেনালের আশা বাঁচিয়ে রাখেন।
আর্সেনালের আশায় আরও বড় ধাক্কা লাগে ৭২তম মিনিটে। আশরাফ হাকিমির বাঁকানো শটে ম্যাচের দ্বিতীয় গোল করে পিএসজি। বুকায়ো সাকা আর্সেনালের হয়ে একটি গোল শোধ দিলেও নাটকীয় প্রত্যাবর্তন হয়নি গানারদের।
ওই লড়াইয়ের অন্যতম আলোচনার বিষয় ছিল দোনারুমার পারফরম্যান্স। দুই লেগেই কিছু গুরুত্বপূর্ণ সেভ করেন ইতালিয়ান গোলকিপার। আর্সেনালের দাপটের মাঝেও পিএসজির স্বপ্ন বেঁচে থাকে মূলত তার কারণেই।
লম্বা সময় ধরে আর্সেনাল বল নিজেদের দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করছিল। সাকা, রাইস ও মার্তিনেল্লি সুযোগের পর সুযোগ তৈরি করছিলেন। কিন্তু পিএসজির নিখুঁত ফিনিশিং ও বিধ্বংসী কাউন্টার অ্যাটাক ছিল গুরুত্বপূর্ণ। তাছাড়া আর্সেনালের সামনে দুই লেগে বাঁধা হয়ে দাঁড়ান মিডফিল্ডের ভিতিনহা, জোয়ান নেভেস ও রুইজ।
এক বছর পর বুদাপেস্টে আর্সেনালের জন্য প্রতিশোধ নেওয়ার উপলক্ষ। ৩০ মে পুসকাস এরেনার ফাইনালে শুধু ইউরোপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে না, এই ম্যাচ আর্সেনালের জন্য হতে যাচ্ছে প্যারিসে হৃদয়ভাঙার প্রতিশোধ নেওয়ার।
























