সন্তানদের সত্যের গুরুত্ব বোঝাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া ওয়ার্নার বলেন, ‘আমার সন্তানদের ২০১৮ সালের সেই ছবিগুলো সম্পর্কে বোঝাতে কয়েক দিন সময় লেগেছে। ওদের একটা কথাই বলেছি—সবসময় সত্য বলবে, কারণ মিথ্যা একদিন না একদিন প্রকাশ পাবেই। উজি সত্যটা তুলে ধরেছে। আমার পরিবার, স্টিভেন এবং ক্যামেরনের জন্য সময়টা কঠিন ছিল, তবে এই সত্যটা সামনে আসা খুব দরকার ছিল।’
এদিকে সপ্তাহের শেষভাগে দেওয়া এক বিবৃতিতে ২০১৮ সালের সেই তদন্ত প্রক্রিয়ার ওপর নিজেদের আস্থা পুনর্ব্যক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দাবি, দীর্ঘ আট বছরে বিভিন্ন মাধ্যমে পাওয়া সব তথ্য ও অভিযোগ যাচাই-বাছাই করা হয়েছে এবং তাদের পরিচালিত ‘ইন্টেগ্রিটি প্রসেস’ বা তদন্ত প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফলে সিএ সম্পূর্ণ সন্তুষ্ট।
উল্লেখ্য, ২০১৮ সালের তদন্তে যুক্ত সিএর তৎকালীন কোনো উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তা বর্তমানে আর নিজেদের দায়িত্বে নেই। তবে মিশেল স্টার্ক ও মিচেল মার্শদের মতো তৎকালীন দলের সক্রিয় সদস্যরা এখনো খেলে যাচ্ছেন। দ্রুতই তারা পৃথক সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।



























