হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর)। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে নানা আয়োজন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আলোকসজ্জার মধ্য দিয়ে উদ্যাপিত হবে আলোর উৎসব দীপাবলি।
বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবটিকে ‘দীপাবলি’ বললেও অবাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এটি ‘দিওয়ালি’ নামে পরিচিত। ধর্মীয় এই উৎসবকে অনেকে ‘দীপান্বিতা কালীপূজা’ও বলে থাকেন।
অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যাশায় শত শত বছর ধরে এই উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এই তিথিতে কালীপূজা উদ্যাপন করেন।
পঞ্জিকা অনুযায়ী, রোববার দুপুর ১টা ২ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি। এটি শেষ হবে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫৮ মিনিটে। সাধারণত মধ্যরাতে কালীপূজা অনুষ্ঠিত হয়। একই তিথিতে অনেক ভক্ত লক্ষ্মীপূজাও করে থাকেন।
কালীপূজার দিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন। পাশাপাশি মন্দির ও বাড়িতে আলোকসজ্জার মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
রাজধানীতে শ্যামাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে প্রস্তুতি।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা।

























