কুমিল্লায় ঝাড়ফুঁক দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের পর তার মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে একটি বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। সেখানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ করেন। এ সময় তার মা তাহমিনা বেগম ঘটনাটি দেখে প্রতিবাদ করলে মোবারক দুজনকেই শ্বাসরোধে হত্যা করেন। পরে দরজা খুলে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন তিনি।
তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের দুই মাস ১৫ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করে রায় ঘোষণা করেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার বলেন, আসামি মোবারক হোসেন মা ও মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক বিশ্লেষণ শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।























