সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে এই ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ তথ্য প্রকাশ করে এই চিত্র নিশ্চিত করেছে।
এর আগে গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। ফলে অল্প সময়েই খেলাপি ঋণের চাপ আরও বাড়ল।
খাতভিত্তিক ও অর্থনৈতিক বাস্তবতা
সর্বশেষ হিসাব অনুযায়ী, বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ এখন খেলাপির আওতায় রয়েছে। জুন শেষে এই হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ।
এই সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। আগের তিন মাসের তুলনায় সরকারি ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা। তবে একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।
এছাড়া বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৫ কোটি টাকা। যা ওই খাতের মোট ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ।

























