
১. মেরি জিন্দেগি হ্যায় তু
হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের প্রথম জুটি—এটাই ছিল ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। নাটকে ডা. আয়রা চরিত্রে অভিনয় করেছেন হানিয়া, আর কামিয়ারের ভূমিকায় রয়েছেন বিলাল। প্রথম পর্ব থেকেই তাদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। তবে গল্পের বিভিন্ন দিক নিয়ে সমালোচনাও হয়েছে।

২. কেস নম্বর ৯
জিও নিউজের উপস্থাপক শাহজেব খানজাদা প্রথমবারের মতো নাটকের চিত্রনাট্য লিখেছেন ‘কেস নম্বর ৯’-এর জন্য। ধর্ষণ ও বিচার পাওয়ার লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই ধারাবাহিকে সাবা কামার অভিনয় করেছেন সেহর মোয়াজ্জাম চরিত্রে। তিনি একজন সৃজনশীল পরিচালক, যিনি নিজের প্রতিষ্ঠানের প্রভাবশালী এক কর্মকর্তার দ্বারা যৌন নিপীড়নের শিকার হন। অভিযুক্ত কামরানের চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল কোরেশি।

৩. এইক অর পাকিজা
সাইবার অপরাধ ও অনলাইনে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো সংবেদনশীল বিষয় উঠে এসেছে এই ধারাবাহিকে। পাকিজা চরিত্রে অভিনয় করেছেন সেহর খান। তিনি একজন নতুন আইনজীবী। তার সঙ্গে প্রকৌশলী ফারাজের একটি ভিডিও অস্ত্রের মুখে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এরপর দুই পরিবারের প্রতিক্রিয়া এবং নারী-পুরুষ ভুক্তভোগীর প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে গল্পে। ফারাজ চরিত্রে অভিনয় করেছেন নামির খান।

৪. ডক্টর বহু
চিকিৎসক সানিয়ার চরিত্রে অভিনয় করেছেন কুবরা খান। বিয়ের পর স্বামীর পরিবারের হাসপাতালকেন্দ্রিক নানা জটিলতার মুখোমুখি হতে হয় তাকে। নাটকে তার স্বামী সালমানের চরিত্রে রয়েছেন শুজা আসাদ। মেহরিন জব্বারের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন সানাম মেহদি জারিয়াব। ২০১৯ সালের পর এটি মেহরিন জব্বারের প্রথম পূর্ণদৈর্ঘ্য ধারাবাহিক। নাটকে সাবা হামিদের অভিনীত ডা. ফারহিনের মৃত্যু এবং হাজরা ইয়ামিনের মিনহা চরিত্রের আবেগঘন দৃশ্য দর্শকদের আলোচনায় আসে।

৫. হামরাহি
বছরের অন্যতম আলোচিত প্রেমের গল্প হিসেবে প্রচার করা হয়েছিল ‘হামরাহি’। এতে জুটি বেঁধেছেন দানিশ তাইমুর ও হিবা বুখারি। এর আগে ‘দিওয়াঙ্গি’ ও ‘জান নিসার’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। নতুন ধারাবাহিকে দানিশ অভিনয় করেছেন সাইহান গাজি চরিত্রে। হিবা রয়েছেন এলিফ ও ইলহাম—দ্বৈত চরিত্রে। প্রথম পর্বই ইউটিউবে ৮০ লাখের বেশি বার দেখা হয়। ধারাবাহিকটির মোট ভিউ ৯০ কোটির বেশি ছাড়ায়। তবে শেষ পর্বে সাইহানের মৃত্যু দর্শকদের বিস্মিত করে। নাটকের সমাপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

৬. জাঞ্জিরাইন
সাজাল আলী ও আমির গিলানির রোমান্টিক জুটি দেখার প্রত্যাশা নিয়ে শুরুতে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল ‘জাঞ্জিরাইন’ ঘিরে। তবে গল্প এগিয়েছে অন্যদিকে। আমির গিলানির অভিনীত মুদাসসির চরিত্রটি রাবিয়ার স্বামী। এক উন্মত্ত অনুসরণকারীর হাতে তার মৃত্যু হলে রাবিয়ার জীবনে নেমে আসে নতুন সংকট। এরপর সার বুলন্দ চরিত্রে ড্যানিয়াল জাফরকে দেখা যায়। সাজাল আলীর সঙ্গে তার রসায়নও দর্শকদের আলোচনার বিষয় হয়ে ওঠে। শাহজাদ কাশমিরির পরিচালনায় নির্মিত নাটকটি শুরুতে ধীরগতির হলেও পরে দর্শকপ্রিয়তা পায়। আগস্টে এর ইউটিউব ভিউ একশ কোটির বেশি হয়।

৭. বাস তেরা সাথ হো
প্রয়াত চিত্রনাট্যকার সায়রা রাজার লেখা এই নাটকে প্রচলিত গল্পের ছক কিছুটা বদলে দেওয়া হয়েছে। এখানে নির্যাতিত ও অবহেলিত চরিত্রটি পুরুষ—আনাস। তাঁর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান সাঈদ। অন্যদিকে সানা জাভেদ অভিনয় করেছেন আনসা চরিত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর আনসার জীবন সংকটে পড়ে। পরে আনাসের প্রতিশোধপরায়ণ এক চাচাতো ভাইয়ের ছড়ানো এমন একটি ভিডিওকে কেন্দ্র করে গল্পে নতুন মোড় আসে। আনসার সাহসিকতাই একপর্যায়ে আনাসকে কারামুক্ত করতে ভূমিকা রাখে। কাসিম আলী মুরিদের পরিচালনায় নাটকটি ডিপফেকের মতো সমসাময়িক বিষয় সামনে এনেছে।

৮. দার-এ-নাজাত
উমেরা আহমেদের লেখা ‘দার-এ-নাজাত’ নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। এতে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুরে ফিশান সেলিম। দীর্ঘদিনের প্রেমিক জামিলের বিশ্বাসঘাতকতার শিকার হয় সে। জামিল চরিত্রে রয়েছেন নামির খান। অন্যদিকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। জারিয়াবকে নীরবে ভালোবেসে আসা আবু বকরকে ঘিরে গল্প এগিয়েছে। সম্পর্কের আঘাত কাটিয়ে উঠতে একজন নারীর জীবনে নতুন কারও প্রয়োজন আছে কি না, তা নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
শেহরিয়ার মুনাওয়ারের সহপ্রতিষ্ঠিত থ্রিস এন্টারটেইনমেন্টের প্রথম নাটক এটি। নির্মাতা সাকিব খানের পরিচালনায় ধারাবাহিকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছে। ২৩ পর্বেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির ভিউ ১৭০ কোটির বেশি হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক জেরজিস সেজা। এর গান ‘আলবিদা আলবিদা’ও পাকিস্তানের স্পটিফাইয়ের একটি ওএসটি প্লেলিস্টে শীর্ষে জায়গা করে নেয়। ২১ নভেম্বর পর্যন্ত নাটকটির প্রচার চলছিল।




















