মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে বিষয়টি সামনে এসেছে। তার কথায়, সালমান খানের হাত ধরেই শুরু হতে পারে এবারের চলচ্চিত্র উৎসব।
তবে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সালমানের উপস্থিতি এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে ২৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন এই অভিনেতা। সেবার মঞ্চে মজার ছলে মুখ্যমন্ত্রীর বাড়ির প্রসঙ্গ টেনে বলেছিলেন, মমতার বাড়ি দেখতে গিয়ে বুঝেছেন, তার নিজের বাড়ির চেয়েও ছোট মুখ্যমন্ত্রীর বাসভবন। পাশাপাশি বাংলায় কথা বলার চেষ্টা করেছিলেন এবং আবারও কলকাতায় আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এবারের উৎসবের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। প্রকাশ করা হয়েছে নতুন লোগোও, যা তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। ১৬ ডিসেম্বর শুরু হয়ে উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এ ছাড়া থাকছে রেড কার্পেটের আয়োজন।
প্রতি বছরই কলকাতা চলচ্চিত্র উৎসবের অতিথি তালিকায় শাহরুখ খানের উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে শাহরুখ এবারের উৎসবে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত বছর বলিউড থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগে উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা গেছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালন, রানি মুখার্জি, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহাসহ একাধিক তারকাকে।


























