রাজনীতির মঞ্চে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইতালির ক্ষমতার শীর্ষে উঠেছেন জর্জিয়া মেলোনি। একসময় রোমের নাইটক্লাবে ওয়েটার ও বারটেন্ডার হিসেবে কাজ করা এই নারী এখন দেশটির প্রধানমন্ত্রী। ইউরোপের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মেলোনির জীবন যেমন ঘটনাবহুল, তেমনি তার সম্পদ, আয় ও ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে মানুষের আগ্রহ। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২০ লাখ মার্কিন ডলার। রোমে নিজের বাড়ি, ব্যাংকঋণ এবং সরকারি আর্থিক বিবরণীও আলোচনায় এসেছে।
কত সম্পদের মালিক জর্জিয়া মেলোনি?
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওয়ার্থের হিসাব অনুযায়ী, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আনুমানিক নিট সম্পদের পরিমাণ ২০ লাখ মার্কিন ডলার। তবে এটি একটি আনুমানিক হিসাব, সরকারি সম্পদ বিবরণীতে ঘোষিত মোট সম্পদের পরিমাণ নয়।
২০২২ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মেলোনিকে নিয়ম অনুযায়ী নিজের আয় ও আর্থিক তথ্য প্রকাশ করতে হয়েছে।
২০২২ অর্থবছরের সর্বশেষ কর বিবরণীতে তার মোট আয় দেখানো হয়েছিল প্রায় ২ লাখ ৯৩ হাজার ৫৩১ ইউরো। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ৩ লাখ ১০ হাজার ডলার।
পরবর্তী অর্থবছরে তার ঘোষিত আয় কমে দাঁড়ায় প্রায় ১ লাখ ৬০ হাজার ৭০৬ ইউরো বা ১ লাখ ৭০ হাজার ডলারের কাছাকাছি। তবে আগের বছরগুলোর তুলনায় এই আয় ২৫ হাজার ইউরোর বেশি ছিল।
প্রধানমন্ত্রী হিসেবে মেলোনির বার্ষিক বেতন প্রায় ৮০ হাজার ইউরো বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতালির সরকারপ্রধান হিসেবে প্রচলিত অতিরিক্ত ভাতা নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি। পরিবর্তে পার্লামেন্ট সদস্য হিসেবে পাওয়া বেতনই ধরে রেখেছেন।
২০০৬ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তার রাজনৈতিক জীবনের আয় মিলিয়ে মোট উপার্জন আনুমানিক ১৬ লাখ ইউরো বা ১৭ লাখ মার্কিন ডলার বলে ধারণা করা হয়।
রোমে ১২ লাখ ৫৪ হাজার ইউরোর বাড়ি
মেলোনির উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে ইতালির রাজধানী রোমে একটি বাড়ি। ২০২৪ সালের শেষ দিকে তিনি বাড়িটি কিনতে ব্যয় করেন ১২ লাখ ৫৪ হাজার ইউরো। কেনার আগে ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছিলেন।
তার ২০২৫ সালের আর্থিক বিবরণীতে বাড়িটি কেনার জন্য নেওয়া একটি ব্যাংকঋণের তথ্যও উঠে আসে। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর বানকা মেডিওলানুম থেকে ২ লাখ ইউরোর বন্ধকি ঋণ নেন তিনি।
তবে বড় ধরনের বিনিয়োগ বা ব্যবসায়িক মালিকানার তথ্য তার আর্থিক বিবরণীতে উল্লেখযোগ্যভাবে পাওয়া যায় না।
১৫ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি
জর্জিয়া মেলোনির জন্ম ১৯৭৭ সালের ১৫ জানুয়ারি ইতালির রোমে। তার মা আন্না এবং বাবা ফ্রান্সেসকো। তার পিতামহী ছিলেন অভিনেত্রী জো ইনক্রোচ্চি।
মেলোনির বয়স যখন মাত্র এক বছর, তখন তার বাবা পরিবার ছেড়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে চলে যান। কয়েক বছর পর তাদের বাড়িতে আগুন লাগলে পরিবারটি রোমের গারবাতেল্লা এলাকায় চলে যায়।
মেলোনির বড় বোনের নাম আরিয়ানা। বাবার দ্বিতীয় বিয়ের সূত্রে তার আরও চারজন সৎ ভাইবোন রয়েছেন।
মাত্র ১৫ বছর বয়সে, ১৯৯২ সালে রাজনীতিতে যুক্ত হন মেলোনি। যোগ দেন ইতালিয়ান সোশ্যাল মুভমেন্টের যুব সংগঠন ইয়ুথ ফ্রন্টে। দলটি তিন বছর পর বিলুপ্ত হয়ে যায়।
১৯৯৬ সালে তিনি ন্যাশনাল অ্যালায়েন্স পার্টির ছাত্র সংগঠন স্টুডেন্ট অ্যাকশনের জাতীয় নেতা হন। একই বছর আমেরিগো ভেসপুচ্চি স্টেট প্রফেশনাল ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেন।
ওয়েটার থেকে সংসদ সদস্য
১৯৯৮ সালে রোম প্রদেশের কাউন্সিলর নির্বাচিত হন মেলোনি। ২০০২ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
এরপর ২০০০ সালে ন্যাশনাল অ্যালায়েন্সের যুব সংগঠন ইয়ুথ অ্যাকশনের জাতীয় পরিচালক হন। ২০০৪ সালে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন।
রাজনীতিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য রোমের বিখ্যাত পাইপার ক্লাবে ওয়েটার ও বারটেন্ডার হিসেবেও কাজ করেছেন তিনি।
২০০৬ সালে ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী হিসেবে ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে নির্বাচিত হন। ওই সময় তিনি পার্লামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হন।
প্রথমে লাজিও-১ আসনের প্রতিনিধিত্ব করেন। ২০০৮ সালের পর লাজিও-২ আসন থেকে নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৩, ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনেও জয় পান।
বারলুসকোনির সরকারের মন্ত্রী
২০০৮ সালে সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন সরকারের যুবনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান মেলোনি। ২০১১ সালের শেষ পর্যন্ত তিনি এ পদে ছিলেন।
সে সময় ইতালির রাজনীতিতে আর্থিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মধ্যে বারলুসকোনি সরকারের পতন ঘটে। মন্ত্রিত্বের দায়িত্ব শেষ হলেও রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করতে থাকেন মেলোনি।
নিজেই গড়েন ব্রাদার্স অব ইতালি
২০১২ সালের শেষ দিকে ডানপন্থি রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি (এফডিআই) প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন মেলোনি। ২০১৪ সালে দলটির সভাপতি হন।
একই বছর ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অংশ নিলেও জয় পাননি।
২০১৫ সালের শেষ দিকে তিনি ‘আওয়ার ল্যান্ড’ নামে একটি রক্ষণশীল রাজনৈতিক কমিটিও প্রতিষ্ঠা করেন। এটি ব্রাদার্স অব ইতালির সমান্তরাল সংগঠন হিসেবে কাজ করত।
২০১৬ সালে রোমের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন মেলোনি। তবে সে নির্বাচনে পরাজিত হন।
২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর পার্লামেন্টের ১৮তম মেয়াদে বিরোধী দলের নেতৃত্ব দেন তিনি। এ সময় তার দল ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে।
একপর্যায়ে ব্রাদার্স অব ইতালি ইতালির রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠে। মেলোনির নেতৃত্বে দলটির জনসমর্থন প্রায় ৪ শতাংশ থেকে বেড়ে ২৬ শতাংশের বেশি হয়।
ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী
২০২২ সালে ইতালির রাজনৈতিক সংকটের জেরে মারিও দ্রাগির সরকারের পতন ঘটে। এরপর মধ্য-ডানপন্থি জোট সিদ্ধান্ত নেয়, আসন্ন নির্বাচনে যে দলের আসনসংখ্যা সবচেয়ে বেশি হবে, সেই দলের নেতাই প্রধানমন্ত্রী হওয়ার প্রার্থী হবেন।
নির্বাচনে মেলোনির ব্রাদার্স অব ইতালি সবচেয়ে বেশি আসন পায়। এর মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। ২০২২ সালের ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে ডানপন্থি সরকার হিসেবে তার নেতৃত্বাধীন জোটকে বিবেচনা করেছেন অনেক পর্যবেক্ষক। কেউ কেউ তাকে বেনিতো মুসোলিনির পর ইতালির প্রথম কট্টর ডানপন্থি নেতা হিসেবেও বর্ণনা করেছেন। তবে মেলোনি নিজেই মুসোলিনির প্রশংসা করেছেন বলে অতীতে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর অভিবাসনবিরোধী নীতি জোরদার, পরিবার ও সামাজিক পরিচয়ভিত্তিক রক্ষণশীল নীতির প্রসার এবং সংবিধান সংস্কারের উদ্যোগ নেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে নিজের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সাংবিধানিক সংস্কারের প্রস্তাবও দেন।
অবৈধ অভিবাসন ঠেকাতে ভূমধ্যসাগরে নৌ অবরোধের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি।
অন্যদিকে, ইউক্রেনের প্রতি সমর্থন এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও বাস্তববাদী অবস্থান নিয়েছেন মেলোনি।
২০২৬ সালের ৪ সেপ্টেম্বর ইতালির প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী সরকারের প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েন তিনি।
ব্যক্তিজীবনে প্রেম ও বিচ্ছেদ
রাজনীতির বাইরে মেলোনির ব্যক্তিজীবনও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে।
২০১৫ সালে টেলিভিশন সাংবাদিক আন্দ্রেয়া জামব্রুনোর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০১৬ সালে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।
তবে দীর্ঘদিনের সেই সম্পর্কের অবসান ঘটে ২০২৩ সালে। এরপর থেকে মেয়েকে নিয়েই জীবন কাটাচ্ছেন মেলোনি।
তথ্যসূত্র: সেলিব্রেটি নেট ওর্থ























