প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, হামলার সময় ওই দুই কর্মী ক্লিনিকের প্রবেশপথে বসে ছিলেন। একটি ইসরায়েলি ড্রোন নিচে নেমে এসে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলার পর ঘটনাস্থলের ভিডিওতে একটি প্লাস্টিকের চেয়ারের পাশে ছোট গর্ত, রক্তের দাগ ও সামান্য ক্ষয়ক্ষতি দেখা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) নিহত দুজনের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নেন। নিহত আবু হাসিরার বন্ধু মোহাম্মদ ইমাদ বিবিসিকে বলেন, হামলার কয়েক ঘণ্টা আগেও তিনি আবু হাসিরাকে দেখেছেন। তিনি ছিলেন শান্ত ও দয়ালু মানুষ। স্ত্রী, দুই সন্তান ও মায়ের দেখাশোনাই ছিল তার প্রধান চিন্তা। তার দাবি, আবু হাসিরার কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল না।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলেও গাজায় সহিংসতা থামেনি। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর গত ১৩ মাসে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।
এদিকে গাজার মানবিক পরিস্থিতিও সংকটজনক। চলতি মাসের শুরুতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বাস্তুচ্যুত মানুষের হাজার হাজার আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতের প্রস্তুতির জন্য তাঁবু, হিটার, পানির পাম্প, টিকা ও ওষুধসহ আরো ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৭৪ হাজার ৭৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।




















