প্রতিবেদনে আরো বলা হয়, ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যে স্পেসএক্স দ্রুতগতিতে চলা বিমানের জন্য পরিচয় যাচাইয়ের নতুন নিয়ম চালু করে। এর ফলে বেসরকারি বিমানচালকদেরও পরিচয় ও বিমানের বিভিন্ন তথ্য জমা দিতে হয়।
এদিকে স্টারলিংকের অপব্যবহার ঠেকাতে মার্চের পর থেকে বিক্রয় ও বিতরণব্যবস্থায় আরো কঠোর নিয়ম চালু করে স্পেসএক্স। টার্মিনাল কেনা ও পরিষেবা চালু করা প্রত্যেক গ্রাহকের পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে অন্য বিক্রেতাদের কাছে টার্মিনাল সরবরাহের ব্যবস্থাও স্থগিত করা হয়।
তবে ইরানের ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির সরকার বিভিন্ন সময়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তখন সাধারণ মানুষ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে স্টারলিংক। জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলে ইরানে স্টারলিংক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সংযোগ চালু করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, ইরানে স্টারলিংক পুরোপুরি বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীরা যোগাযোগের সুযোগ হারাবেন। আবার সেবা চালু রাখলে দেশটির সামরিক বাহিনীও তা ব্যবহার করতে পারে। এ কারণে প্রতিষ্ঠানটির সামনে বড় ধরনের নিয়ন্ত্রণগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বিভিন্ন দেশে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে থাকে। ফলে স্টারলিংকের টার্মিনাল কার হাতে যাচ্ছে, তা শনাক্ত করা স্পেসএক্সের জন্য কঠিন হয়ে পড়েছে।




















