মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে বড় ধরনের আশ্বাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চলবে না। এই সামরিক অভিযান দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের মাধ্যমে শেষ হবে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা আক্রমণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা বছরের পর বছর স্থায়ী হবে না বলে তিনি মনে করেন। তার মতে, চলমান এই পরিস্থিতি ‘অন্তহীন বা দীর্ঘমেয়াদী যুদ্ধে’ রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই।
সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এই সামরিক অভিযানটি হবে ‘দ্রুত ও সিদ্ধান্তমূলক’। যদিও পুরো প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগতে পারে, তবে তা কোনোভাবেই বছরের পর বছর দীর্ঘায়িত হবে না।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন যে, লক্ষ্য অর্জনে কিছুটা সময় ব্যয় হলেও তারা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে ইচ্ছুক নন।



























