জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তিনি বিরোধী দলের প্রতি কারণে-অকারণে ওয়াকআউট না করার আহ্বানও জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক থাকতে হবে। অন্যদিকে গতকাল ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে বিচার বিভাগ জামিন দিয়েছেন। আমি মনে করি- এটি ভালো কাজ হয়েছে। তিনি একজন মহিলা। বিচার বিভাগ নিশ্চয়ই বিচার-বিবেচনা করেই জামিন দিয়েছেন। স্পিকার আরও বলেন, গত ২০ বছর যাবৎ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে, আমাদের দেশের জণগণ গণতন্ত্রমনা, রাজনীতি সচেতন। তারা কোনো স্বৈরশাসককে মেনে নেয় না। অত্যাচার-নিপীড়ন, গুম-খুন নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। ২০২৪-এর আন্দোলন সারাবিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে। সাধারণত আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে পরাশক্তিসমূহ একটু হেয় করে দেখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে দেশবাসী সত্যিকার অর্থে এটি নিয়ে অনেক গৌরব করতে পারে।



























