নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্তারুজ্জামান নামে এক শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবলু হোসেন অটোভ্যানে আক্তারুজ্জামান নামে এক শিক্ষককে নিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বসুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ করে বজ্রপাতে বাবলু হোসেন ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আক্তারুজ্জামানের শরীরে কিছু অংশ পুড়ে গিয়ে গুরুতর আহত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।



























