ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কবির খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়েছিলেন তার স্বজন ও অনুসারীরা। ওই ঘটনার ২৯ ঘণ্টার মাথায় তিনি ফের পুলিশের হাতে ধরা পড়লেন।
কবির খান চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এলাকায় তিনি ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ আগের দুটি মামলা রয়েছে চরভদ্রাসন থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলার দোহার থানা পুলিশের সহায়তায় আজ দুপুরে হরিচন্ডি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে চরভদ্রাসন থানায় আনা হয়।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খান বলেন, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকেই দুটি মামলা ছিল। গতকাল (মঙ্গলবার) পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই মো. রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। নতুন ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চরভদ্রাসন উপজেলার চর সালেপুর মুন্সিরচর বাজারে পাঁচ পুলিশ সদস্যের একটি দল কবির খানকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়। তাকে মোটরসাইকেলে তোলার সময় কবিরের ভাই সূর্য খান ও তার ১০-১৫ জন অনুসারী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ ৫ পুলিশ সদস্য আহত হয় এবং কবির হাতকড়াসহ পালিয়ে যায়। পরে কবিরের ফেলে যাওয়া হাতকড়াটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করে স্থানীয় গ্রাম পুলিশ থানায় জমা দেয়।























