সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারো ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ‘ফ্লাই দুবাই’। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।
সংসদ অধিবেশনের ২৪তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠিত হয়। এসময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী সিলেটের প্রবাসীদের যাতায়াতের ভোগান্তি লাঘব এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিদেশি এয়ারলাইন্স চালুর বিষয়ে জানতে চান।
তার প্রশ্নের জবাবে পর্যটন মন্ত্রী জানান, বর্তমানে সিলেট থেকে শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। তবে প্রবাসীদের জন্য সুখবর হলো, অতীতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিলেও ফ্লাই দুবাই আবারো সিলেট রুটে ফেরার কথা ভাবছে।
মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে লন্ডন, দুবাই, আবুধাবি, মাসকট, জেদ্দা, শারজাহ ও দোহা রুটে সপ্তাহে মোট ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট-দুবাই রুটে ফ্লাই দুবাইয়ের বিমান চলাচল করত। পরবর্তীতে বাণিজ্যিক কারণে তারা এই সেবা বন্ধ করে দেয়। তবে সাম্প্রতিক সময়ে সংস্থাটি পুনরায় এই রুটে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।
কোনো নির্দিষ্ট রুটে ফ্লাইট চালু বা বন্ধ রাখা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বাণিজ্যিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে বলে উল্লেখ করেন মিজ আফরোজা খানম। তিনি আরও বলেন:
“সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও কার্গো পরিবহনের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে।”
মন্ত্রী আশ্বাস দেন যে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী যেকোনো বিদেশি সংস্থাকে প্রয়োজনীয় সব ধরণের নীতিগত সহায়তা প্রদান করতে প্রস্তুত। ফলে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোনো কারিগরি বা নীতিগত প্রতিবন্ধকতা নেই।
























