নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া ইসলাম জান্নাত নামের ১০ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নাসিক গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বাড়ির মালিকের চরম অবহেলার কারণে একটি বসতঘর আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল, যা এই প্রাণহানির মূল কারণ।
নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। সে তার পরিবারের সঙ্গে গোদনাইল চৌধুরীবাড়ি সংলগ্ন পূর্ব এনায়েতনগরে মমতাজ বেগমের বাসায় ভাড়া থাকতো।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে খেলাধুলা করার সময় লামিয়া পাশের একটি টিনশেড বাড়ির জানালার গ্রিলে হাত দেয়। ওই বাড়িটি আগে থেকেই বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে ছিল। জানালার স্পর্শে আসা মাত্রই সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়ির মালিক আমিনুলের অবহেলার কারণে বিদ্যুতের লাইনটি বিপজ্জনক অবস্থায় ছিল। এর ফলে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে যায়। তবে দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়ির মালিক আমিনুল এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা যোগাযোগ করা হয়নি।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















