যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনী চলাকালে মাঝ আকাশে নৌবাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরপরই বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত, উভয় বিমানের পাইলট এবং ক্রুসহ মোট চারজনই প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত রোববার (১৭ মে) যুক্তরাষ্ট্রের আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ নামের একটি বিমান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনীর শেষদিনেই আকাশে উড্ডয়নরত অবস্থায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার কবলে পড়া বিমান দুটি মার্কিন নৌবাহিনীর ‘ইএ-১৮জি গ্রাউলার’ (EA-18G Growler) মডেলের যুদ্ধবিমান ছিল। আকাশে ধাক্কা লাগার পর বিমানে থাকা চারজন ক্রুই অত্যন্ত দ্রুততার সাথে ইজেক্ট করতে সক্ষম হন এবং নিরাপদ স্থানে নেমে আসেন।
মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিধ্বস্ত হওয়া ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানগুলো মূলত ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটির অংশ ছিল।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরপরই চলমান এয়ার শোটি তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ।





















