কয়েক মাস ধরেই লোকচক্ষুর অন্তরালে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এমতাবস্থায় তার শারীরিক অবস্থা কী কিংবা তিনি বেঁচে আছেন কিনা, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার সেই ধোঁয়াশা পরিষ্কার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি মঙ্গলবার বলেছেন যে মোজতবা খামেনি জীবিত আছেন এবং ক্রমশ আরও সক্রিয় হয়ে উঠেছেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় তার বাবা আলি খামেনি নিহত হন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মার্কিন সিনেটের ফরেন রিলেশন্স কমিটির সামনে বক্তব্য দেয়ার সময় রুবিও বলেন, এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা থেকে বোঝা যায় যে তিনি দেশের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা নিচ্ছেন।
রুবিও সিনেটরদের বলেন, আমার মনে হয় এমন কিছু ইঙ্গিত রয়েছে যে তিনি কোনো না কোনো পর্যায়ে ক্রমবর্ধমানভাবে সম্পৃক্ত হচ্ছেন।
রুবিওর এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। একই সঙ্গে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিও বর্তমানে তীব্র চাপের মুখে রয়েছে।
রুবিও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার দেখতে চাইলে তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সীমিত করতে হবে।
























