কানাডা ও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বাণিজ্যিক সম্পর্কে বড় ধরণের ফাটল ধরেছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের কেনাকাটায়। ফলে মার্কিন পণ্য বর্জনের প্রবণতা এখন কানাডার বাজারে ব্যাপকভাবে দৃশ্যমান হচ্ছে।
ভোক্তাদের আচরণে বড় পরিবর্তন কানাডার পাঠকরা এখন পণ্য কেনার আগে লেবেল পরীক্ষা করছেন। তারা দেখতে চান পণ্যটি কোন দেশে তৈরি। এছাড়া মার্কিন পণ্য এড়িয়ে তারা স্থানীয় পণ্য কিনতে আগ্রহী হচ্ছেন। এর ফলে খুচরা বিক্রেতারাও তাদের সরবরাহ ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনছেন। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্বতন্ত্র বিক্রেতাদের নতুন কৌশল অন্টারিওর ভিন্সেস মার্কেটের প্রধান জিয়ানকার্লো ত্রিমার্কি জানান, ক্রেতারা মার্কিন পণ্য দেখে অসন্তোষ প্রকাশ করছেন। তাই তিনি নিজ দেশের তাজা পণ্য সরবরাহ বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে তার দোকানগুলোতে ৯০ শতাংশ ফল ও সবজি স্থানীয়ভাবে সংগৃহীত হচ্ছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র থেকে আসা স্ট্রবেরির বদলে তিনি কুইবেকের উৎপাদিত স্ট্রবেরি বিক্রি করছেন।
ব্যবসায় বাড়তি খরচের চাপ স্থানীয় সরবরাহ ব্যবস্থার দিকে ঝুঁকতে গিয়ে ব্যবসায়ীদের খরচ আগের চেয়ে বেড়েছে। ফলে বিজ্ঞাপনের বাজেট কমিয়ে পরিচালন ব্যয় সামাল দিতে হচ্ছে। এখন ব্যবসায়ীদের পণ্যের দাম ও মানের পাশাপাশি উৎপত্তির দেশকেও গুরুত্ব দিতে হচ্ছে।
বড় সুপারমার্কেটগুলোর সাড়া কানাডার শীর্ষ খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘লবলা’ কানাডীয় পণ্য চিহ্নিত করতে বড় ম্যাপল পাতার সাইনবোর্ড ব্যবহার করছে। পাশাপাশি তৃতীয় বৃহত্তম বিক্রেতা ‘মেট্রো’ স্থানীয় পণ্যকে অগ্রাধিকার দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ভোক্তাদের মানসিকতায় এটি একটি দীর্ঘমেয়াদি পরিবর্তন।
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা ও চ্যালেঞ্জ কানাডা মূলত শীত প্রধান দেশ। তাই দীর্ঘ সময় স্থানীয়ভাবে তাজা খাদ্য উৎপাদন করা তাদের জন্য কঠিন। ফলে এখনো দেশটির সবজি আমদানির বড় একটি অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। তবে জুলাইয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে সবজি আমদানি আগের চেয়ে কিছুটা কমেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও অভ্যন্তরীণ সমস্যা কানাডা সরকার আগামী ১০ বছরে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। এ অর্থের বড় অংশ গ্রিনহাউজ গঠনে ব্যয় করা হবে, যেন শীতকালে তাজা খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হয়। তবে দেশটির এক প্রদেশ থেকে অন্য প্রদেশে খাদ্য পরিবহনে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। ফলে কিছু বিক্রেতা এখনো মার্কিন সরবরাহের ওপর নির্ভর করছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই বিকল্প সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে স্থায়ী রূপ নিতে পারে। বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক হলেও কানাডার সুপারমার্কেটগুলো আর আগের অবস্থায় ফিরবে না।



























