আমদানি নীতি ২০২৬-২০২৯ বাস্তবায়নে চূড়ান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে এলসি না খুলে পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে মূল্য পরিশোধ এবং রপ্তানিমুখী শিল্পের উৎপাদন উপকরণ সংগ্রহে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় গত ২৪ আগস্ট আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ জারি করে। ওই আদেশের আলোকে রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, শিল্প ও বাণিজ্যিক খাতে আমদানিযোগ্য সব ধরনের পণ্য কোনো মূল্যসীমা ছাড়াই কেবল চুক্তির ভিত্তিতে আমদানি করা যাবে। একই সঙ্গে আমদানি মূল্য পরিশোধে ওপেন অ্যাকাউন্ট বা উন্মুক্ত হিসাব পদ্ধতি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এতে আমদানিকারকদের অর্থপ্রবাহ ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো পণ্য সংগ্রহ ও মূল্য পরিশোধের ক্ষেত্রে আগের তুলনায় আরও নমনীয়তা পাবে। তবে এলসি ছাড়া পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন ও বিধিবিধান যথাযথভাবে পরিপালন করতে হবে বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন আমদানি নীতিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন উপকরণ আমদানি ও স্থানীয়ভাবে সংগ্রহের ক্ষেত্রেও সুবিধা রাখা হয়েছে। আমদানি নীতি আদেশের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে স্থানীয় উৎস থেকে দেশীয় মুদ্রায় এবং ‘ফ্রি-অব-কস্ট’ বা বিনা মূল্যে উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করতে পারবে।
একই সঙ্গে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর সুযোগও রাখা হয়েছে। এর ফলে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন ব্যবস্থাপনায় আরও নমনীয়তা আসতে পারে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমদানি করা পণ্য এবং স্থানীয়ভাবে উৎপাদন উপকরণ সংগ্রহ-সংক্রান্ত লেনদেন নিষ্পত্তির সময় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে আমদানি নীতি আদেশ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ আগামী ৩১ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে নতুন কোনো আমদানি নীতি আদেশ জারি না হলে বর্তমান আদেশের বিধানই কার্যকর থাকবে।


























