টি-টোয়েন্টিতে গেইলের কঠিন বোলার লাসিথ মালিঙ্গা, বিস্ফোরক স্বীকারোক্তি ‘ইউনিভার্স বস’-এর
টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ওপর তাণ্ডব চালানোর জন্যই পরিচিত ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ক্রিস গেইল। তবে এই বিধ্বংসী ব্যাটারকেও যিনি অসহায় করে তুলতে পেরেছিলেন, তিনি লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টিতে গেইলের কঠিন বোলার হিসেবে তিনি অকপটে মালিঙ্গার নাম বেছে নিয়েছেন।
টি-টোয়েন্টিতে গেইলের ব্যাটিং পরিসংখ্যানই তার ভয়ংকর সামর্থ্যের প্রমাণ দেয়। আইপিএলে ৪ হাজার ৯৬৫ রান করেছেন তিনি, যেখানে রয়েছে ছয়টি সেঞ্চুরি এবং ৩৫৭টি ছক্কা। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের স্মরণীয় ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নেওয়া মালিঙ্গা ছিলেন ডেথ ওভারের আতঙ্ক।
‘মিডউইকেট স্টোরিজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে গেইল জানান, গেইলের কঠিন বোলার মালিঙ্গার অদ্ভুত স্লিং অ্যাকশন ও স্লোয়ার বল বোঝা ছিল খুবই কঠিন। গেইল বলেন, “তার স্লোয়ার বল কোনোভাবেই বুঝতে পারতাম না। টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে সে আমার জন্য সত্যিই খুব কঠিন ছিল।” মালিঙ্গার বিপক্ষে তিনি উইকেট বাঁচিয়ে খেলার কৌশল নিতেন।
পরিসংখ্যানও গেইলের কথার সঙ্গে পুরোপুরি মিলে যায়। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টি-টোয়েন্টিতে মালিঙ্গার ৭২ বল খেলে গেইল মাত্র ৫৭ রান করেছেন। যেখানে ডট বলই ছিল ৪২টি এবং তিনি কোনো ছক্কাও মারতে পারেননি। ক্যারিবীয় এই কিংবদন্তি স্বীকার করেন, অন্য বোলারদের আক্রমণ করলেও মালিঙ্গার ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে স্ট্রাইক রোটেট করাই ছিল তার প্রধান পরিকল্পনা।




















