কিয়েভে বড় হামলার হুঙ্কার, বিদেশি কূটনীতিকদের কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে সতর্কবার্তা জারি করে বিদেশি কূটনীতিকদের কিয়েভ ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর বার্তা দেয়। এর আগে গত মে মাসেও একই ধরনের ভ্রমণ ও অবস্থানবিষয়ক সতর্কতা জারি করেছিল ক্রেমলিন।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার বেসামরিক নাগরিক ও জাতীয় অবকাঠামোর ওপর ইউক্রেনীয় বাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবেই কিয়েভে সুপরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে মস্কো। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, রাশিয়ার পূর্ববর্তী সতর্কতা উপেক্ষা করে এখনও বেশ কিছু বিদেশি দূতাবাস কিয়েভে তাদের প্রশাসনিক কার্যক্রম চালু রেখেছে এবং কূটনীতিকরা কিয়েভ সফর বজায় রাখছেন।
পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এতে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনী কিয়েভ ও ইউক্রেনজুড়ে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে। তাই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকতে আবারও বিদেশি কূটনীতিকদের কিয়েভ ছাড়ার আহ্বান জানাচ্ছে মস্কো। বিবৃতিতে সতর্ক করে আরও দেওয়া হয়, কোনো কূটনৈতিক কর্মী বা বিদেশি নাগরিক এই পরামর্শ উপেক্ষা করলে তার চূড়ান্ত অনাকাঙ্ক্ষিত পরিণতির দায়ভার সম্পূর্ণ তাদের ওপরই বর্তাবে।
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, বন্দর এবং স্ট্র্যাটেজিক স্থাপনায় হামলা জোরদার করেছে। তবে উভয় দেশই দাবি করছে তারা কোনো বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু বানাচ্ছে না, বরং সামরিক কাজের সাথে সম্পর্কিত কেন্দ্রগুলোতেই তাদের অভিযান পরিচালিত হচ্ছে। যুদ্ধের তীব্রতা বাড়ায় এখন কিয়েভের কূটনৈতিক চত্বরে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।





















