দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসারে, রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
এখন পরবর্তী ধাপ ‘বি-২’। এই পর্যায়ে প্রাথমিক কার্যক্রম শুরুর জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর চুল্লিতে শুরু হয় ‘ক্রিটিক্যালিটি’ বা স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া প্রতিষ্ঠার প্রক্রিয়া।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে এই অগ্রগতি দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর সময় জানতে প্রকল্পের পরবর্তী পরীক্ষার অগ্রগতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে হবে।


























