ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য থাকলেও সেটি নিয়ে দীর্ঘমেয়াদি চিন্তা করছেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এত গোল করলেও গোলের রেকর্ড ও পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন না বলে মনে করছেন তিনি। এরপরও আল নাসরের এই তারকা ফুটবলারের দাবি, তিনিই ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে পর্তুগিজ তারকা বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’
পরিসংখ্যান অবশ্য রোনালদোর দাবির পক্ষেই কথা বলছে। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ৩৩৭ ম্যাচে গোল সংখ্যা ৯৮০টি। ফলে ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২০ গোল দূরে তিনি।
এক হাজার গোলের লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’
তবে হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করার স্বপ্নও ছাড়ছেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তার ভাষায়, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’
ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও নিশ্চিত নন রোনালদো। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’

























