বাগেরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উদ্যোগে আয়োজিত এ মহড়ায় নেতৃত্ব দেন উপসহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান পিএফএম মহড়াটি পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গোলাম মোঃ বাতেন জেলা প্রশাসক বাগেরহাট,
অনুষ্ঠানে আরওউপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান বাগেরহাটের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ), বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। এ ধরনের মহড়া দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি উদ্ধারকর্মীদের প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে সংশ্লিষ্টরা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, প্রস্তুতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

























