নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
এ সময় শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের এ পরিদর্শনের মাধ্যমে শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শ্রমিক আন্দোলন ঘিরে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

























