বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব সরাসরি স্বর্ণের ওপর পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটের আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ ডলারে।
রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর তেলের দাম কমতে শুরু করে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা কমেছে।
বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। আর স্বর্ণে বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না বলে সুদের হার কমার প্রত্যাশা ধাতুটির জন্য ইতিবাচক।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।





















