এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণস্থলের পাশেই তিনি নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে পাশের গাড়িটির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অন্য একটি সূত্র জানায়, একটা থেকে দুইটার মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোঁড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন।
তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’
প্রসঙ্গত, আজ ভোর থেকে সারাদেশে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

























