নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের জামনগর শাখার ব্যবস্থাপক শফিউল হাসান।
তিনি জানান, ব্যাংকের কার্যালয়ের সামনেই নাইট গার্ডের থাকার কক্ষ। ঘটনার সময় তিনি সেখানে ঘুমিয়ে ছিলেন। প্রথম পেট্রোল বোমাটি নিক্ষেপের পর বিকট শব্দ হলে নাইট গার্ড চিৎকার শুরু করেন। শব্দ ও চিৎকার শুনে পাশের বাসা থেকে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। তবে ততক্ষণে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখেন তারা। এ ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
গ্রামীণ ব্যাংকের নাটোর এরিয়া ম্যানেজার আহসান হাবিব বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে জামনগর শাখার ব্যবস্থাপক তাকে ফোন করে কার্যালয়ের মূল ফটকের সামনে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি জানান। সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হন।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রাজশাহী জোনাল কার্যালয়কে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, এলাকায় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
একই এলাকার উত্তরপাড়ার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, তাদের এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম ঢাকা পোস্টকে বলেন, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগরের বাঁশবাড়িয়া এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বর্তমানে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। পেট্রোল বোমা নিক্ষেপের আলামত উদ্ধার করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



























