দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা অটুট রেখেও স্থানীয় ও কেন্দ্রীয় সিনিয়র নেতাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বিএনপির সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সজ্ঞানে দল ছাড়ার এ ঘোষণা দেন।
খান সাইফুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের ওপর দমন-পীড়নের সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি মামলা ও হামলারও শিকার হয়েছিলেন।
পোস্টে তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন, আজ থেকে বিএনপির সকল রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলাম। জিয়া পরিবার ও বিএনপিকে অনেক ভালোবাসি। তাই জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিএনপির পক্ষ হয়ে রাজপথে ছিলাম আমরা তৃণমূলের কর্মীরা।
দলের অভ্যন্তরীণ পরিস্থিতি ও তৃণমূল কর্মীদের হতাশার কথা তুলে ধরে খান সাইফুল অভিযোগ করেন, সারা বাংলাদেশের মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতারা অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভেড়াচ্ছেন। এসব কর্মকাণ্ডের কারণে দলের প্রতি তৃণমূল কর্মীদের আস্থা ও ভালোবাসা ধীরে ধীরে কমে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, ভাবছেন এটা আমার একার কথা? না, সারা বাংলাদেশের তৃণমূলের কথা। সবশেষে দল ও দলীয় প্রধানের মঙ্গল কামনা করে সজ্ঞানে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
এই সিদ্ধান্তের পেছনের কারণ ও ক্ষোভের কথা তুলে ধরে খান সাইফুল বলেন, বিগত সময়ে যে আওয়ামী লীগ (বর্তমান নিষিদ্ধ ঘোষিত) তাদের ওপর নির্যাতন চালিয়েছে এবং পুলিশ দিয়ে হয়রানি করেছে, আজ সারা দেশের বিভিন্ন কমিটিতে সেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরই জায়গা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমি ‘রিফাইন্ড বিএনপি’ চাই। যদি প্রকৃত ত্যাগীদের মূল্যায়ণ করে রিফাইন্ড বিএনপি গঠন করা হয়, তবেই আমি রাজনীতি করব। কিন্তু আওয়ামী লীগকে সাথে নিয়ে মিছিল-মিটিং করা আমার পক্ষে সম্ভব নয়, আমার রক্তে সেটা নেই।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি নিজের কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি তার অসুস্থতার সময় তারেক রহমান নিজে উদ্যোগী হয়ে ঢাকায় নিয়ে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন। একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটি তার জীবনের বড় পাওয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তার কোনো ক্ষোভ বা অভিমান নেই উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে বিএনপি কখনো কোনো সংকট বা ‘ক্রাইসিস মুভমেন্টে’ পড়লে তিনি আবারও রাজপথে থাকবেন এবং পিছপা হবেন না। তবে বর্তমান সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের সাথে তিনি রাজনীতি করবেন না।



























