* মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট মাথায় ওঠার মুহূর্তে প্রথম কী ভাবনা এসেছিল?
** মুহূর্তটা আমার জন্য ছিল অনেক আবেগের। প্রথমে পরিবারের কথা মনে পড়ল, তারপর পুরো বাংলাদেশের মানুষের কথা। মনে হচ্ছিল, এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, দেশের প্রতিনিধিত্ব করার বিশাল দায়িত্ব। এত বড় আন্তর্জাতিক মঞ্চে দেশকে তুলে ধরার সুযোগ পেয়েছি, এর চেয়ে গর্বের আর কী হতে পারে! মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।
* মিস ইউনিভার্সের মতো বড় আসরের জন্য কত দিন প্রস্তুতি নিয়েছেন?
** প্রস্তুতির সময় খুব বেশি ছিল না। মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ার মাত্র দুই দিনের মাথায় পুয়ের্তো রিকোর উদ্দেশে রওয়ানা হতে হয়েছে। তবে অভিনয় জীবনের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস, মানুষের সঙ্গে যোগাযোগের দক্ষতা ও নিজেকে প্রতিনিয়ত তৈরি করার অভ্যাস অনেক সাহায্য করেছে। এখানে এসে প্রতিদিন নতুন কিছু শিখছি। আমার মনে হয়, প্রস্তুতি শুধু কয়েকদিনের বিষয় নয়, এটা নিজের ভেতর থেকে তৈরি হওয়ার প্রক্রিয়া।
* এ প্রস্তুতির সবচেয়ে কঠিন অংশ কোনটি?
** শারীরিক ও মানসিকভাবে সব সময় নিজেকে প্রস্তুত রাখা। প্রতিদিন খুব ভোরে উঠতে হয়, কখনো কাজ শেষ করতে রাত অনেক হয়ে যায়। একের পর এক রিহার্সাল, ফটোশুট, ইন্টারভিউ, নানা ইভেন্ট সামলে হাসিমুখে নিজেকে উপস্থাপন করতে হয়। পরিবার থেকে এত দূরে থেকে দেশের প্রতিনিধিত্বের চাপ সামলানোও সহজ নয়। তবে প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি।
* সুন্দরী প্রতিযোগিতা নিয়ে সমাজে এখনো অনেকের নেতিবাচক ধারণা আছে। এ সমালোচনা কীভাবে সামলান?
** প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকতে পারে, আমি সেটাকে সম্মান করি। তবে আমার কাছে বিউটি পেজেন্ট বা সুন্দরী প্রতিযোগিতা শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। এটা নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা, সংস্কৃতি ও দেশের পরিচয় বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ। একজন নারী এখানে নিজের কথা বলতে পারেন, স্বপ্নের কথা জানাতে পারেন, অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারেন। মানুষ বিউটি পেজেন্টকে এ দৃষ্টিকোণ থেকেও দেখুক, এটাই চাই।
* পুয়ের্তো রিকোতে পৌঁছে সবচেয়ে বেশি অবাক হয়েছেন কোন বিষয়ে?
** এখানকার মানুষের আন্তরিকতা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তাদের সংস্কৃতি, গান, নাচ, খাবার ও জীবনকে উপভোগ করার ধরন খুব সুন্দর। আতিথেয়তা আমার খুব ভালো লেগেছে। আরেকটা বিষয়, এতগুলো দেশের মেয়ে একসঙ্গে এসেছি, অথচ মনে হচ্ছে আমরা একটা পরিবারের অংশ হয়ে গেছি। নানা সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচয় হওয়া দারুণ অভিজ্ঞতা।
* প্রায় দুই সপ্তাহের এ প্রতিযোগিতায় প্রতিদিনের রুটিন কেমন?
** আমাদের দিন শুরু হয় খুব ভোরে। উঠে তৈরি হওয়া, মেকআপ, হেয়ারস্টাইল, তারপর রিহার্সাল, ফটোশুট, ইন্টারভিউ ও অফিসিয়াল ইভেন্ট। কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে হয়। অনেক সময় রাত দুইটা পর্যন্ত কাজ করে আবার ভোর চারটায় উঠতে হয়। নিজের যত্ন নেওয়া, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিকভাবে ইতিবাচক থাকাও রুটিনের গুরুত্বপূর্ণ অংশ। সত্যি বলতে, খুব ক্লান্তিকর, কিন্তু জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা।
* বিশ্বের নানা দেশের প্রতিযোগীর মাঝে নিজেকে কীভাবে আলাদা করছেন?
** আমি কখনো অন্য কারও মতো হওয়ার চেষ্টা করি না। নিজের পরিচয় নিয়েই সবার সামনে দাঁড়াতে চাই। আমি বাংলাদেশের মেয়ে। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, আতিথেয়তা ও মানুষের ভালোবাসা আমার পরিচয়ের বড় অংশ। অভিনয় জীবনে মানুষের সঙ্গে যোগাযোগ করতে শিখেছি, আর এ মঞ্চে শিখছি নানা সংস্কৃতির মানুষকে আরও ভালোভাবে বুঝতে। প্রত্যেক নারীরই নিজস্ব গল্প আছে। আমার চেষ্টা, আমার গল্পটা সুন্দরভাবে বিশ্বের সামনে তুলে ধরা।
* দেশের মানুষ প্রতি মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছে। এ চাপ কেমন অনুভব করছেন?
** একটা চাপ অবশ্যই কাজ করে। তবে আমি এটাকে চাপের চেয়ে ভালোবাসা ও দায়িত্ব হিসাবে দেখতে চাই। জানি, বাংলাদেশের অসংখ্য মানুষ আমাকে সমর্থন করছেন, আমার জন্য দোয়া করছেন। তাদের প্রত্যাশা আমাকে আরও অনুপ্রাণিত করে। শেষ পর্যন্ত কী হবে জানি না, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। ফলাফল যা-ই হোক, দেশের মানুষ যেন আমাকে নিয়ে গর্ব করতে পারেন। আমি শুধু নিজের জন্য নয়, পুরো দেশের জন্য এখানে এসেছি।
* এই মঞ্চে জিতলে কোন সামাজিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে চান?
** মূলত নারীদের শিক্ষা, ক্ষমতায়ন ও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি নিয়ে কাজ করতে চাই। আমাদের দেশে অনেক মেধাবী মেয়ে আছে, স্বপ্নও আছে, কিন্তু সুযোগের অভাবে এগোতে পারে না। প্রতিটি মেয়ে যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নিজের পরিচয় গড়তে পারে, স্বপ্ন পূরণের সাহস পায়, এটাই চাই। ২০১৮ সাল থেকে নানা মানবিক ও দাতব্য কাজে যুক্ত আছি। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে সহায়তা এবং শিশু ও বয়স্কদের জন্য কাজের অভিজ্ঞতা আছে। এ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে কাজগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই। আমার কাছে মিস ইউনিভার্স হওয়া শুধু মুকুট পাওয়া নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ।























