যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় এক মিলনমেলায় যোগ দিয়েছেন কূটনীতিক, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতারা।
পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আনসারী বাংলাদেশে ফেরার আগে গত শনিবার এই আয়োজন করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটান তারা।
সাবেক ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে পরিচিত মুখ। সাংবাদিক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তার প্রশ্নে উঠে আসত বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলের নানা অনিয়ম ও দমন-পীড়নের চিত্র।
মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।



























