সুপ্রিম কোর্ট বাবা-মায়ের অনুপস্থিতিতে সন্তানদের সঙ্গে কথা বলেন, যে সময় দুজনেই বাবার পরিবর্তে তাদের মায়ের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করে।
আদালত মন্তব্য করেন, ‘এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানবিক দিকগুলোও প্রাসঙ্গিক। সন্তানরা নিছক কোনো অস্থাবর সম্পত্তি নয় এবং তারা তাদের বাবা-মায়ের খেলনাও নয়।’ ‘অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০’-এর অধীনে আদালত উল্লেখ করেন যে, অভিভাবক নিয়োগের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের কল্যাণই সর্বাগ্রে বিবেচ্য। আদালত স্পষ্ট করেন যে, বাবাকে কাস্টডি দেওয়ার নীতিটি ব্যতিক্রম সাপেক্ষ এবং এটিকে সর্বজনীন নিয়ম হিসেবে গণ্য করা যাবে না।
বেঞ্চ আরো বলেন, আইনের অধীনে বাবার পাশাপাশি মা-ও একজন স্বাভাবিক অভিভাবক এবং কোনো সন্তান যদি যুক্তিসঙ্গত পছন্দ প্রকাশ করার মতো যথেষ্ট পরিপক্ব হয়, তবে আদালত সেই পছন্দকে বিবেচনায় নিতে পারেন। আদালত আরো পর্যবেক্ষণ করেন যে, বছরের পর বছর ধরে সন্তানদের সঙ্গে তাদের মায়ের একটি দৃঢ় আবেগঘন বন্ধন তৈরি হয়েছে এবং তাদের সেই পরিবেশ থেকে সরিয়ে নেওয়া তাদের সর্বোত্তম স্বার্থের অনুকূল হবে না। বরং এটি তাদের মানসিক ও শারীরিক সুস্থতা এবং পড়াশোনার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
একই সময়ে সুপ্রিম কোর্ট রায় দেন যে, সন্তানদের তাদের বাবার স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত করা উচিত নয়। আদালত নির্দেশ দেন যে, বাবাকে প্রতি মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদুরাইয়ের গান্ধী জাদুঘরে সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে। মাকে এই সাক্ষাৎগুলোতে সহযোগিতা করার জন্য বলা হয়েছে।
এছাড়া পঙ্গল (তামিলনাড়ুর নবান্ন উৎসব) এবং স্কুলের অর্ধবার্ষিক ছুটির সময়ও বাবা সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন, তবে শর্ত থাকে যে তিনি ফোন কল বা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে মাকে আগে থেকেই তা জানাবেন।
আদালত আরো বলেন যে, প্রয়োজন অনুযায়ী সন্তানদের ভবিষ্যৎ পড়াশোনার খরচও বাবার বহন করা উচিত। বেঞ্চ উল্লেখ করেন যে, এই ব্যবস্থাগুলোর উদ্দেশ্য হলো সন্তানদের সঙ্গে তাদের বাবার একটি আবেগঘন বন্ধন গড়ে তুলতে সাহায্য করা, যেন তারা ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।
সূত্র : এনডিটিভি



























