কুড়িগ্রামের রৌমারীতে বিজিবির আটক করা সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় ৮টি গরু মাত্র ৪ লাখ ২০ হাজার টাকায় নিলাম পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম আব্দুল রাজ্জাক, যিনি দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
তাঁর বিরুদ্ধে সিন্ডিকেট করে জাফর আলী নামের এক ব্যবসায়ীকে কম মূল্যে গরুগুলো পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ২৩ নভেম্বর উপজেলার সাহেবের আলগা বিজিবি ক্যাম্পে এই নিলামের ঘটনা ঘটে।
রৌমারী গরু নিলামের মূল তথ্য:
-
স্থান ও তারিখ: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের আলগা বিজিবি ক্যাম্পে ২৩ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হয়; এর আগের দিন ২২ নভেম্বর সাহেবের আলগা সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু আটক করে বিজিবি।
-
মূল্য ও নিলামের দর: আটককৃত ৮টি গরুর মূল্য সাড়ে ১১ লাখ টাকা হলেও তা মাত্র ৪ লাখ ২০ হাজার টাকায় নিলাম পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে (ভ্যাট-ট্যাক্সসহ সাড়ে ৪ লাখ টাকার কিছু বেশি আদায় হয়েছে বলে শুল্ক গুদাম কর্মকর্তা জানান)।
-
অভিযুক্ত ব্যক্তি: আব্দুল রাজ্জাক (দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক)—সিন্ডিকেট করে কম দামে গরু পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে; তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
-
ক্রেতা: জাফর আলী নামের এক গরু ব্যবসায়ী; তাঁর দাবি, প্রকাশ্য ডাকে সর্বোচ্চ দামে তিনি গরু পেয়েছেন।
-
বিডি হোল্ডার ও টাকা ভাগাভাগি: ৭৫ জন বিডি হোল্ডার থাকার কথা থাকলেও গুটিকয়েক ব্যক্তি নিলামে অংশ নেন; অভিযোগ অনুযায়ী বাকি বিডি হোল্ডাররা মাথাপিছু ১,৭০০ টাকা হারে মোট ১ লাখ ২৭ হাজার টাকা ভাগাভাগি করে নেন।
-
প্রশাসনিক ও দাপ্তরিক বক্তব্য: নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, কম দামে নিলামে রাজস্ব ক্ষতি ও ভবিষ্যতে নেতিবাচক নজির তৈরি হয়। রৌমারী শুল্ক গুদাম কর্মকর্তা সুব্রত দাস জানান, নিলামের সময় ইউএনও বা পুলিশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
নামমাত্র দামে নিলাম ও টাকা ভাগাভাগি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রৌমারী উপজেলার সাহেবের আলগা সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু আটক করে বিজিবি। পরদিন ২৩ নভেম্বর ওই ক্যাম্পেই গরুগুলোর নিলামের আয়োজন করা হয়।
নিয়ম অনুযায়ী ৭৫ জন বিডি হোল্ডার অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত গুটিকয়েক ব্যক্তিই এতে অংশ নেন। অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের মাধ্যমে অন্যদের ভয়ভীতি দেখিয়ে কম দামে গরুগুলো বাগিয়ে নেওয়া হয়। পরে বাকি বিডি হোল্ডাররা মাথাপিছু ১,৭০০ টাকা হারে মোট ১ লাখ ২৭ হাজার টাকা ভাগাভাগি করে নেন।
বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, সীজার মূল্যের (আটককৃত মূল্য) তুলনায় এত কম দামে নিলাম হলে একদিকে যেমন রাজস্ব ক্ষতি হয়, অন্যদিকে ভবিষ্যতের নিলামগুলোতেও একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়—যেখানে সিন্ডিকেটই শেষ কথা হয়ে ওঠে।
অভিযুক্ত ও কর্মকর্তাদের বক্তব্য
সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আব্দুর রাজ্জাক বলেন, “আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু কোনো সিন্ডিকেট করিনি। ৭৫ জন বিডি হোল্ডার যেভাবে নিলামের প্রক্রিয়া চালিয়েছে, সেটাই হয়েছে। এখানে অহেতুক আমাকে জড়ানো হচ্ছে।”
ক্রেতা ও গরু ব্যবসায়ী জাফর আলী বলেন, “নিলামে প্রকাশ্য ডাকে সর্বোচ্চ যে দাম উঠেছিল, কর্তৃপক্ষ আমাকে সেই দামেই গরু দিয়েছে। এখানে আমার আলাদা করে কিছু বলার নেই।”
রৌমারী শুল্ক গুদাম কর্মকর্তা সুব্রত দাস জানান, তিনি বিজিবি প্রহরায় ছিলেন এবং বাইরে কী হয়েছে তা তাঁর জানা নেই। তবে ভ্যাট-ট্যাক্সসহ মোট সাড়ে ৪ লাখ টাকার কিছু বেশি আদায় হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা পুলিশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন কি না জানতে চাইলে তিনি জানান, প্রশাসনের কেউ সেখানে ছিলেন না।