রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর চিকিৎসাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকেই সেখানে বাড়তি সতর্কতা ও পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের উভয় পাশে পুলিশি ব্যারিকেড বসানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন। চিকিৎসার প্রয়োজনে আসা রোগী ও তাদের স্বজনরা ছাড়া অন্য কাউকে হাসপাতালের সামনে ভিড় করতে বা অহেতুক অবস্থান নিতে দেওয়া হচ্ছে না।
সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার দিকেই হাসপাতালের মূল প্রবেশমুখে এই ব্যারিকেড স্থাপন করা হয়। নিরাপত্তার খাতিরে আশেপাশের এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সাধারণ রোগী ও তাদের পরিবারের সদস্যদের চলাচলে যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং একইসঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এদিকে, দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ নিতে সোমবার গভীর রাতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সেখানে তাঁরা মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল ত্যাগ করার সময় মির্জা ফখরুল গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।



























