২০১০-২০১২ সালের ৫ শতাংশ ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড (WPPF) এবং ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (WWF)-এর বিলম্বজনিত আইনগত পাওনা নিষ্পত্তির দাবীতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় প্রেস ক্লাব এলাকা। দীর্ঘদিনের বঞ্চনা দূর করে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাওনা দ্রুত ও আইনসংগতভাবে মেটানোর আহ্বানে প্রেস ক্লাবের সামনে এক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে সাবেক কর্মীরা তাদের ১৬ বছরের বঞ্চনা ও ২১ মাসের অহিংস আন্দোলনের চিত্র তুলে ধরেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে আয়োজিত এই সমাবেশে আন্দোলনকারীরা জানান, তারা কোনো ধরনের সংঘাত বা বিতর্ক চান না, বরং সংলাপের মাধ্যমে দ্রুত সমাধান চান। সাবেক কর্মীদের ভাষ্য অনুযায়ী, ২০১০-২০১২ সালের মূল অর্থ প্রদান করা হলেও দীর্ঘ বিলম্বের কারণে আইনগতভাবে প্রাপ্য অতিরিক্ত অর্থের বিষয়টি এখনো ঝুলে রয়েছে। এই পাওনা সময়মতো না পাওয়ায় সাবেক কর্মী ও তাদের পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
আন্দোলনকারীদের সংগঠন প্রদত্ত হিসাব অনুযায়ী, দীর্ঘ ১৬ বছরের বিলম্ব বিবেচনা করে তারা ৩৩ হাজার ১৪৭ কোটি টাকার হিসাব তুলে ধরেছেন। তবে তারা পরিষ্কার করে জানান, এটি আদালত কর্তৃক নির্ধারিত চূড়ান্ত অর্থ নয়, বরং তাদের উপস্থাপিত দাবিকৃত হিসাব। গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাওনা নিশ্চিতে তারা চলমান বিচারিক ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ও সম্মান জানিয়ে সব পক্ষকে জরুরি সংলাপে বসার আকুল আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশ থেকে মূলত ৩ দফা দাবি পেশ করা হয়েছে: ১. ২০১০-২০১২ সালের ৫ শতাংশ WPPF ও WWF-এর বিলম্বজনিত পাওনা দ্রুত আইনগতভাবে নিষ্পত্তি করা।
২. দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী অবসানে গ্রামীণফোন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে অর্থবহ সংলাপ শুরু করা।
৩. কালক্ষেপণ না করে দ্রুত, গ্রহণযোগ্য ও টেকসই সমাধানের দৃশ্যমান উদ্যোগ নেওয়া।
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিশ্রুতি নয়, তারা এখন কার্যকর সমাধান চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।




















