চলমান আইপিএল আসরে দারুণ ধারাবাহিক ছিলেন বিরাট কোহলি, কেবল শেষ দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ডাক (শূন্য রানে আউট) খেয়েছেন। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই বল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম বলেই রানের খাতা খোলার আগে আউট হন সাবেক এই ভারতীয় অধিনায়ক। এবার আসন্ন কলকাতা নাইট ডাইডার্স ম্যাচে বেঙ্গালুরু তারকা কোহলি হ্যাটট্রিক ডাক এড়াতে চান।
রায়পুরের এই ম্যাচে ডাক খেলে বিব্রতকর হ্যাটট্রিকের শঙ্কা সত্ত্বেও কোহলির মানসিকতায় পরিবর্তন চান না প্রতিপক্ষ কলকাতার সহকারী কোচ শেন ওয়াটসন। তিনি বলেন, ‘আমরা আশা করি তিনি শুরু থেকেই আক্রমণাত্মক শট খেলবেন, যেমনটা গত ম্যাচেও করেছেন। যদিও সেই সম্ভাবনা কম, কারণ বিরাট খুবই শৃঙ্খলিত। তিনি অসাধারণ, তার মাঝে সেরা হওয়ার ক্ষুধা এবং প্রতিটি বলে আলো ছড়ানোর তীব্র প্রবণতা আছে। প্রথম বল থেকেই আমাদের আক্রমণে যাওয়ার বিষয়টি জানি, কারণ তিনি এমন ব্যক্তি যে অবিশ্বাস্যভাবে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যান।’
দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার আগে কোহলি গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৩ বলে ২৮ এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয় নিশ্চিতের পথে ১৫ বলে ২৩ রানে অপরাজিত ইনিংস খেলেন। এ নিয়ে চার ইনিংসে তার হাফসেঞ্চুরি না পাওয়ার নজির দেখা গেল। যদিও এর আগে আইপিএলের সেরা রানসংগ্রাহকদের তালিকায় ধারবাহিকভাবে সেরা পাঁচের মধ্যে অবস্থান করে আসছেন।
৩৭ বছর বয়সী সাবেক এই ভারতীয় অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন ২০২৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরপরই। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটে কেবল আইপিএলে দেখা যায় তাকে। টুর্নামেন্টটির চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৬৩.৩৬ স্ট্রাইকরেট, ৪২.১১ গড় এবং তিনটি হাফসেঞ্চুরির পর তার রান ৩৭৯। আসরের শীর্ষ রানসংগ্রাকদের মধ্যে তার অবস্থান ১৩তম।























